সালমানের বাড়ির সামনে বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন ভাইজানের ভক্তরা। তবে দাবাং খান নিজ কাজের শিডিউল বদলাননি। গত মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে সালমান ও তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং সবরকম সুরক্ষার আশ্বাস দেন।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে মুখ্যমন্ত্রীর সাথে সালমান এবং তার পরিবারের বৈঠকের অভ্যন্তরীণ ছবি ভাইরাল হতেই আলোচনা শুরু হয় সালমানের সাদামাটা লাইফস্টাইল নিয়ে।
বলিউডের অন্যতম বড় সুপারস্টার সালমান। জানা যায়, ২৯০০ কোটি টাকার মালিক তিনি। মাসে ১৬ কোটি টাকা আয় করেন ভাইজান। অথচ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টর দু- রুমের যে ফ্ল্যাটে থাকেন সালমান তা নিতান্তই সাদামাটা। অভিনেতার বেডরুমে একটি খাট ও বসার চেয়ার ছাড়া বিশেষ কোনো আসবাবপত্র নেই।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এদিন সালমানের বাড়ির অন্দরের ছোট্ট ড্রয়িং রুমের ঝলক মিলল। সেখানে অতি সাধারণ গ্লাস টেবিল এবং ধূসর প্রিন্টেড সোফা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সোফায় বসে ছিলেন সেলিম খান। উল্টো দিকের সোফা-সিটে সালমান।
এর আগে গত রবিবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরবাইকে এসে দুই ব্যক্তি চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এরপর দিন সোমবার রাতে পলাতক আসামি ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১) নামে দুই ব্যক্তিকে গুজরাটের কচ্ছ জেলার একটি মন্দির চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
