বিরাটের 'বিরাট' শাস্তি

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পিএম

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে পার পেলেন না বিরাট কোহলি। ইডেনে আরসিবি তারকার হম্বিতম্বিকে ভালো চোখে দেখেনি বিসিসিআই। মহাতারকা হলেও এক্ষেত্রে নিয়ম ভেঙে শাস্তি পেতে হল কোহলিকে।

রবিবার ইডেনে হর্ষিত রানার হাই-ফুলটস বলে কট অ্যান্ড বোল্ড হয় কোহলি। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে তাকে আউট ঘোষণা করেন। কিন্তু তার এই বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি রীতিমতো ঝগড়া করেন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে। শেষমেশ রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন কোহলি।

ম্যাচের শেষেও তাকে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে এই নিয়ে কথা বলতে দেখা যায়। সেখানেও কোহলির শরীরী ভাষা কখনই নরম ছিল না। কোহলির বিরুদ্ধে আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ আনেন ম্যাচ রেফারি। আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী কোহলিকে লেভেল-ওয়ান পর্যায়ের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য শাস্তিবিধান রয়েছে এই ধারায়। ফলে তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করে বিসিসিআই।

যেভাবে আউট ছিলেন বিরাট কোহলি

কেন নো-বল দেওয়া হয়নি, নিয়ম কী বলছে

কোহলি বলটি খেলার সময় ক্রিজের অনেকটা বাইরে ছিলেন। সেই সঙ্গে তিনি ব্যাট বাড়িয়েছিলেন আরও কিছুটা আগে। বল যে মুহূর্তে ব্যাটে লাগে, তা কোহলির কোমরের থেকে বেশি উচ্চতায় ছিল। তবে স্লোয়ার ডেলিভারিতে বল নীচু হচ্ছিল। কোহলি যদি ক্রিজে দাঁড়িয়ে থাকতেন, তবে বল তাঁর কোমরের নীচ দিয়ে যেত। নিয়ম অনুযায়ী স্টেপিং ক্রিজে থাকা অবস্থায় কোহলির কোমরের উচ্চতা যতটা হতো, তাঁর নীচে বল থাকলে তা আইনসম্মত ডেলিভারি হিসেবে বিবেচিত হবে। তাই হার্ষিত রানার ডেলিভারিটিকে নো-বল ঘোষণা করা হয়নি এবং আউট দেওয়া হয় বিরাটকে।

কোহলি অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি। একা কোহলিকেই নয়, বরং শাস্তি পেতে হয় বেঙ্গালুরু দলনায়ক ফ্যাফ ডু'প্লেসিকেও। আরসিবি নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে না পারায় স্লো ওভার-রেটের দায়ে পড়ে। ফলে ১২ লক্ষ টাকা জরিমানা হয় ক্যাপ্টেন ডু'প্লেসির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত