মিছিল-শোডাউন করে মনোনয়নপত্র দাখিল, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:০৫ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বরগুনার বেতাগীতে মিছিল ও শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করায় চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান খানকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয়। চিঠিতে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে লিখিত জানতে চাওয়া হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান খান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের আগে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগও করেন। গতকাল রবিবার মনোনয়নপত্র দালিখের শেষ দিন বেলা ১১টার দিকে তিনি ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে মিছিল ও শোডাউন করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেন। পরে খলিলুর রহমান ছেলেসহ ৫ জনের বেশি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদারের অফিস কক্ষে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে জানতে চাইলে মো. খলিলুর রহমান খান বলেন, আমি মনোনয়ন পত্র দাখিল করব শুনে আমার ইউনিয়নসহ বেতাগীর বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ কর্মীরা আমার সাথে দেখা করতে আসে। আমি মিছিল, মিটিং কিংবা শোডাউন করিনি। তারপরও নির্বাচন কমিশন থেকে নোটিশ করা হয়েছে শুনেছি। এখনো নোটিশ হাতে পাইনি। পেলে নোটিশের জবাব দেব।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, মনোনয়ন পত্র দাখিলের সময় চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খান উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা লঙ্ঘন করেছেন। তাই মনোনয়নপত্র দাখিল ও পরবর্তী সময়ে মিছিল ও শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছে। ২৩ এপ্রিলের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট ওই নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত