নাফনদীতে ২ জেলেকে গুলি: বিজিপিকে প্রতিবাদলিপি পাঠাল বিজিবি

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম

মিয়ানমারের একটি জাহাজ বঙ্গোপসাগরে যাওয়ার সময় নাফ নদীতে বাংলাদেশি জেলেদের ওপর গুলিবর্ষণের ঘটনায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে প্রতিবাদ লিপি পাঠিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে এ প্রতিবাদলিপি পাঠানো হয় বলে জানিয়েছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক  লেফটেন্যান্ট কর্ণেল মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশি জেলে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ শেষে রবিবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিতে যাচ্ছিল। কিন্তু শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারের একটি জাহাজ বঙ্গোপসাগরে যাওয়ার সময় জাহাজে অবস্থানরত বিজিপি কর্তৃক বাংলাদেশি জেলেদের ট্রলার লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে বাংলাদেশি দুই জন জেলে গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সোমবার প্রতিপক্ষ বিজিপির ১ নম্বর ব্যাটালিয়নের অধিনায়কের বরাবরে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনাস্থ নাইকংদিয়া এলাকায় এই গুলি বষর্ণের ঘটনা ঘটে। আহত জেলেরা হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপের উত্তর পাড়ার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০) ও দক্ষিণ পাড়ার সিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ ফারুক (২৫)।

আহত জেলে মোহাম্মদ ইসমাইল জানান, গত ৪ দিন আগে এফবি মায়ের দোয়া ট্রলার নিয়ে ৯ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান। রবিবার ফেরার পথে সাগরে মিয়ানমারের অংশ অবস্থান নেয়া মিয়ানমারের একটি জাহাজ তাদের সংকেত দিয়ে তাদের দিকে যেতে বলেন। ওটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা শাহপরীরদ্বীপের দিকে চলে আসতে থাকে। এ সময় পরপর গুলি বর্ষণ করে। এতে ২ জন গুলিবিদ্ধ হন। অন্যরা অক্ষত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত