ডার্বি জিতে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন ইন্তার মিলান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১০:২৮ এএম

এসি মিলানকে হারালেই সিরি'আ চ্যাম্পিয়ন হবে ইন্তার মিলান। এমন সমীকরণ সামনে রেখেই সোমবার রাতে মিলানের মুখোমুখি হয়েছিল ইন্তার। সান সিরোয় রোমাঞ্চে ঠাসা ম্যাচটি ২-১ গোলে জিতে ২০তম লিগ শিরোপা নিশ্চিত করেছে ইন্তার মিলান।

ম্যাচের একেবারে শেষ দিকে তিন লাল কার্ডে ছড়াল বাড়তি উত্তাপ। তবে জয়ে ঠিকই পাঁচ ম্যাচ হাতে রেখে সেরি আর শিরোপা নিজেদের করে নিল সিমোনে ইনজাগির দল। ২০২১ সালে দলটির দায়িত্ব নিয়ে কোচ হিসেবে প্রথম সিরি'আ জয়ের স্বাদ পেলেন সাবেক স্ট্রাইকার ইনজাগি।

ম্যাচের ১৮ মিনিটে কর্নার থেকে পাভার্ডের হেড পাস পেয়ে কাছ থেকে হেডেই ইন্তাররকে এগিয়ে নেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো আচের্বি। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম।

৮০ মিনিটে হেডে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলেন এসি মিলানের ফিকায়ো তোমোরি। যোগ করা সময়ের শেষ কয়েক মিনিটে মাঠে উত্তেজনা ছড়ায়।

বিতণ্ডায় জড়িয়ে একই সঙ্গে (৯৩ মিনিটে) লাল কার্ড দেখেন এসি মিলানের ডিফেন্ডার থিও হেরনান্দেজ ও ইন্তারের ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস। চার মিনিট পর কনুই মেরে ডিফেন্ডার কালাব্রিয়াও লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় এসি মিলান।

শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে দুই মৌসুম পর আবারও লিগ জয়ের উৎসবে মাতে ইন্তারের খেলোয়াড়রা।

৩৩ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে ৮৬ পয়েন্ট ইন্তারের। তাদের চেয়ে ১৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান। বাকি থাকা পাঁচ ম্যাচে ১৭ পয়েন্টের ব্যবধান কমানো সম্ভব নয়, ফলে পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা ঘরে তুললো ইন্তার মিলান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত