ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে বিপুল পরিমান চায়না দুয়ারি জালসহ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত অবৈধ জালের মধ্যে ছিল ৫৩ পিস চায়না দুয়ারী জাল, ভেশাল জাল ২ পিস, কারেন্ট জাল ৫ পিস, কাঁথা জাল ৪ পিস। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. মেহেদী হাসান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন, নির্বাচন কর্মকর্তা শেখ মো. আদিল, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু।
মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন জানান, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুসরণ করে জেলা মৎস্য অফিসারের দিক নির্দেশনা অনুযায়ী দেশীয় মাছ রক্ষার্থে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, কারেন্ট জাল ব্যবহারে মৎস্য সম্পদ ধ্বংস হয়। দেশীয় মাছ রক্ষার জন্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।