হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা

  • চোট পাওয়া সত্ত্বেও হেলিকপ্টারে করে রওনা দেন আসানসোলে সভাস্থলের উদ্দেশ্যে
  • পর পর দুইবার চোট পেলেও প্রচার থেকে থেমে থাকেননি মমতা বন্দ্যেপাধ্যায়
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২১ পিএম

আবারও আঘাত পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। আসানসোলে লোকসভা ভোটের প্রচারসভায় যাওয়ার পথে আঘাত পেলেন তিনি।

শনিবার সকালে দুর্গাপুরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, শনিবার আসানসোলে লোকসভা ভোটের দু’টি প্রচারসভায় যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতার। আর তাই দুর্গাপুর থেকে হেলিকপ্টারে করে সভাস্থলে যাচ্ছিলেন তিনি। কিন্তু হেলিকপ্টারে উঠে আসনে বসার সময়ে আচমকাই হোঁচট খেয়ে পড়ে যান।

জানা গেছে চোটও পেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে চোট পাওয়া সত্ত্বেও হেলিকপ্টারে করে রওনা দেন আসানসোলে সভাস্থলের উদ্দেশ্যে।

সম্প্রতি আরও একবার চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেদিনও বর্ধমানের একটি সরকারি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি। সেদিন আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা, আর তাই সড়ক পথেই গাড়ি করে ফিরছিলেন মমতা। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চোট পান মাথায়। জানুয়ারির সেই ঘটনার প্রায় আড়াই মাস পর ফের চোট পেলেন মমতা বন্দ্যেপাধ্যায়।

তবে চোট পেলেও প্রচার থেকে থেমে থাকেননি মমতা বন্দ্যেপাধ্যায়। রাজ্যের জেলায় জেলায় ঘুরে তৃণমূলের প্রার্থীদের সমর্থনে সভা করছেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত