রুশ সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের অভিযোগ, ফোর্বসের সাংবাদিক গৃহবন্দি

  • রাশিয়ান ফোর্বস জানিয়েছে, মিঙ্গাজভকে কমপক্ষে দুই মাস গৃহবন্দি করা হতে পারে
  • তার বিরুদ্ধে রুশ সামরিক বাহিনীর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০১:৪২ পিএম

রাশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে ভুয়া ও মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে মার্কিনভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক সাংবাদিককে আটক ও গৃহবন্দি করেছেন রাশিয়ান আদালত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাতে রোববার এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

আটক হওয়া সাংবাদিকের নাম সের্গেই মিঙ্গাজভ। তাকে স্থানীয় সময় শুক্রবার আটক করা হয় এবং বিচারের অপেক্ষায় রয়েছেন। রাশিয়ান ফোর্বস অফিস জানিয়েছে যে মিঙ্গাজভকে কমপক্ষে দুই মাস গৃহবন্দি করা হতে পারে।

মিঙ্গাজভের আইনজীবী কনস্টান্টিন বুবন জানিয়েছেন যে, টেলিগ্রামে ইউক্রেনের ঘটনা সম্পর্কে একটি নিবন্ধ পুনরায় পোস্ট করার জন্য মিঙ্গাজভকে আটক করা হয়েছে।

ওই নিবন্ধের মাধ্যমে তিনি বিবিসি ও রেডিও ফ্রিডমের মতো অন্যান্য সংবাদ মাধ্যম থেকে তথ্য নিয়ে টেলিগ্রামে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে রাশিয়ান সেনাবাহিনীর নৃশংসতার অভিযোগের তথ্যগুলো পুনরায় পোস্ট করেছেন। সে সময় মিঙ্গাজভের টেলিগ্রাম চ্যানেলে ৪৭৬ জন সাবস্ক্রাইবার ছিল।

মিঙ্গাজভের আইনজীবী আরও জানিয়েছেন যে, তার বিরুদ্ধে নির্ভরযোগ্য প্রতিবেদনের ছদ্মবেশে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বুচা শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরুতে দখল করা হলেও মার্চের শেষে ইউক্রেনীয় বাহিনী শহরটি মুক্ত করে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিসের তথ্যমতে, রাশিয়ান সেনাবাহিনী বুচা শহরে হাজার হাজার যুদ্ধাপরাধ করেছে এবং শত শত বেসামরিক মানুষকে হত্যা করেছে। যদিও ক্রেমলিন গণহত্যার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং বেসামরিকদের মৃতদেহের ছবি জাল বলে ইউক্রেনের দাবিকে ভিত্তিহীন বলছে।

মিঙ্গাজভের আইনজীবী বুবন ফোর্বস রাশিয়াকে বলেছেন যে, মিঙ্গাজভের গৃহবন্দি একটি "প্রতিরোধমূলক ব্যবস্থা" হিসাবে প্রয়োগ করা হয়েছে। রাশিয়ায়, প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে প্রাক-বিচার, পুলিশি হেফাজতে রিমান্ডে নেওয়া, জামিনে মুক্তি দেওয়া বা গৃহবন্দী করা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি ফোর্বস রাশিয়াকে আরও বলেন, আদালত মিঙ্গাজভকে ইন্টারনেট ব্যবহার থেকে নিষিদ্ধ করেছে এবং আত্মীয়, তদন্তকারী, আইনজীবী এবং চিকিৎসা পেশাজীবী ছাড়া অন্য লোকেদের সাথে তার যোগাযোগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত