চিকনদন্ডীর উপনির্বাচনে ভোটকেন্দ্রে গোলাগুলি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পিএম

চট্টগ্রামের হাটহাজারীর চিকদন্ডীতে ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ছমদিয়া ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রের বাইরে পুলিশ বহনকারী একটি বাস ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে র‍্যাব ও ডিবি পুলিশ।

আজ রবিবার (২৮ এপ্রিল) বেলা আড়াইটার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী রজনীগন্ধা প্রতীকের হাজি নেজাম উদ্দিন তনির ৭০/৮০জন  অনুসারীরা ভোটকেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। এ সময় দুটি পাতা প্রতীকের প্রার্থী নুরুল আফসার সরকারের সমর্থকদের সাথে তনির অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এক পর্যায়ে তনির ছোটভাই আফসারের সমর্থকদের লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিক জানা যায়নি।

এদিকে খবর পেয়ে ওই ভোটকেন্দ্রে হাজির হয় পুলিশ, র‍্যাব ও বিজিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে রাবার বুলেট নিক্ষেপ এবং শটগানের গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিবি পুলিশের দায়িত্বধীল এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে।

এদিকে বিকেল ৩টার দিকে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এমদাদুল হক। ভোটকেন্দ্র দখল করতে এসে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্বীকার করে তিনি বলেন, গোলোযোগ হলেও ভোটগ্রহণ বন্ধ হয়নি। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ৪ হাজার ৫৭০ ভোটারের মধ্যে ১৬০০ ভোট কাস্ট হয়েছে। বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণের হার ৩৫ শতাংশ বলে জানিয়েছেন তিনি।

বেলা সাড়ে তিনটার দিকে এই রিপোর্ট লেখার সময় ছালামত আলী ভোটকেন্দ্রেও দুই চেয়ারম্যান পদপ্রার্থী হাজি নেজাম উদ্দিন তনি ও  নুরুল আফসার সরকারের সমর্থকদের গোলাগুলি হচ্ছে বলে একাধিক সুত্র দেশ রুপান্তরকে জানিয়েছে। এর আগে সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত কাটাখালী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দখলের চেষ্টা চালায় তনির অনুসারীরা। এই অভিযোগ আরেক আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী টেলিফোন প্রতীকের মোহাম্মদ এমরান। শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচ্য তিনটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চালু থাকলেও পরিস্থিতি  থমথমে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত