সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। তবে গত প্রায় এক ঘণ্টায় আর গুলির শব্দ শোনা যায়নি।
এদিকে স্থানীয় পাহাড়ি সংগঠনের আহ্বানে গত ২২ অক্টোবর থেকে সাজেকে চলছে ‘অনির্দিষ্টকালের ধর্মঘট’।
গত মাসেও অবরোধের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি হয়েছিল। ওই ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছিল।
অন্যদিকে ইউপিডিএফের দাবি, সাজেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের অবস্থান রয়েছে। গত কয়েক মাসে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে।