দুর্নীতি মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির না হওয়ায় মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী আজিজ উল্লাহ জানান, পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে তিনটি দুদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। রবিবার ওই মামলায় হাজির হয়নি পৌর মেয়র রমজান আলী। বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
পৌর মেয়র রমজান আলীর আইনজীবী এটিএম শাহজাহান বলেন, দুদকের মামলায় মেয়র রমজান আলী জামিনে ছিলেন। মেয়র বর্তমানে চীনে থাকায় আদালতে আজ হাজির হতে পারেননি।
ব্যক্তিগত কাজে বিদেশ থাকার কারণে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোযানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন প্রার্থনা করলে তার জামিন হয়ে যাবে বলে জানান ওই আইনজীবী।
