রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে হযরত আলী (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত হযরত আলী উত্তরার আজমপুরে একটি স মিলে কাজ করতেন।
আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণখান গাওয়াইর বাজারের পাশে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত হযরত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
জানা গেছে, তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রশিদের ছেলে। পরিবারের সঙ্গে থাকতেন গাওয়াইর কলিল বক্স রোড এলাকার ভাড়া বাসায়।
হাসপাতালে মৃত হযরতের বড় ভাই মো. আসাদুল জামান জানান, হযরত আজমপুর এলাকায় একটি স মিলে কাজ করেন। সোমবার সকাল ১০টার দিকে তিনি খবর পান, গাওয়াইর বাজারের পিছনে তাকে সেলিম (৩৫) নামের এক মাদক কারবারি এলোপাতারি ছুরিকাঘাত করেছে। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে আহত হযরতকে দেখতে পান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে এনে ভর্তি করান তাকে। তবে চিকিৎসাধীন দুপুরে তিনি মারা যান।
হযরতের আরেক ভাই মো. মিন্টু বলেন, সেলিম এলাকার চিহ্নিত মাদক কারবারি। আজ সকালে এই ঘটনার পর আমরা লোকমুখে শুনতে পেরেছি, গতকাল রবিবার দিবাগত রাতে সেলিম ও হযরতের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটেছিল। তার জের ধরেই আজ সকালে সেলিম তাকে এলোপাতারি ছুরিকাঘাত করতে পারে। তবে হযরতও গাজা সেবন করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান জানান, সকালে গাওয়াইর এলাকার দুই যুবকের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় ছুরিকাহত হযরত আলী নামে এক যুবক মারা গেছেন। অভিযুক্ত সেলিম এখনও পলাতক রয়েছে। এই ঘটনায় একটি মামলা পক্রিয়াধীন।
এক প্রশ্নের জবাবে এসআই বলেন, কিসের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। সেলিমকে গ্রেপ্তারের পরই বিস্তারিত জানা যাবে।
ভারতের ‘বিশ্বকাপ দল’ গড়ে দিলে ব্রায়ান লারা
জেলে সেজে ট্রলার থেকে ইয়াবা উদ্ধার করল পুলিশ