গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মে দিবস উদযাপন অনুষ্ঠানে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে সাইদুর ওরফে সাজু মিয়া (৬০) নামের এক পরিবহন শ্রমিক মারা গেছেন। বুধবার (১ মে) বিকেল ৫টার দিকে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা শিমুল তালুকদার।
এর আগে দুপুরে উপজেলা শহরের চারমাথা এলাকায় মিছিলের সময় তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে মারা যান। মৃত সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, সাজু মিয়া ইসলাম দীর্ঘদিন বিভিন্ন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। আজ মে দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তিনি পলাশবাড়ীতে যান। অনুষ্ঠানের এক পর্যায়ে সাজু মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
এবিষয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার জানান, সাজু মিয়াকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তীব্র গরমে হিট স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
