নির্বাচনের দিন আমার চোখ বন্ধ থাকবে: নারায়ণগঞ্জের ডিসি

আপডেট : ০২ মে ২০২৪, ০৯:৫২ পিএম

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, ‘নির্বাচনের দিন আমার চোখ বন্ধ থাকবে। যে যাই বলুক না কেন, আমি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবো। আর আমাদের সুষ্ঠু ইলেকশন করার যে মিশন তাতে আমাদের সহযোগিতা করবেন।’

আগামী ৮ মে জেলার মাত্র একটি উপজেলাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সকল ফোর্স (পুলিশ, ব়্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট) পুরো নির্বাচনী এলাকায় থাকবে বলে জানিয়েছেন ডিসি।

বৃহস্পতিবার (২ মে) সকালে বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

ডিসি বলেন, ‘৮ মে বন্দরে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, ব়্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। প্রতিটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট থাকবেন এবং পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবেও থাকবে।’

তিনি আরও বলেন, ‘চারমাস আগে জাতীয় নির্বাচন হয়েছে। ওই নির্বাচন যেমন সুষ্ঠু হয়েছে তেমনি এখানেও (বন্দরে) করব। এ জন্য সাংবাদিক ও প্রার্থীদের সহযোগিতা চাই।’

বন্দরের নির্বাচনে কোনো প্রকার অনিয়ম হওয়ার সুযোগ নেই মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, ‘কেউ এক পার্সেন্টও মনের মধ্যে ধারণা রাখবেন না যে, নির্বাচন কোনোভাবে ম্যানুপুলেট হবে। জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাদের এটা আমি বলে যাচ্ছি।’

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, জেলা পুলিশ একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবে।

সভায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল জানান, নির্বাচনের সুষ্ঠুতা ও নির্বাচনের দিনের পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে। প্রচারে গেলে ভোটাররা প্রশ্ন করেন, তারা কি ভোট দিতে যেতে পারবেন বা গেলেও ভোটটা দিতে পারবেন কি-না। ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়া আমাদের (প্রার্থীদের) দায়িত্ব। কিন্তু তারা যাতে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেটা দেখা আপনাদের (প্রশাসন) দায়িত্ব। আমি আশা করবো, ভোটাররা কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোট দিয়ে আবার সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারে।

আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম জুয়েল ভোটের দিন নির্বাচনী এলাকাগুলোতে অবস্থিত কারখানাগুলো বন্ধ রাখার দাবি জানান।

মতবিনিময় সভায় এই দুই প্রার্থী ছাড়া অন্যরা কোনো কথা বলেননি। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমএ রশীদ, মাকসুদ হোসেন, মাহমুদুল হাসান শুভ, ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানু, আলমগীর হোসেন, মোশাঈদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালিমা হোসেন ও মাহমুদা আক্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত