দাবদাহের তীব্রতা থেকে রক্ষা পেতে রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি রিকশাচালকদের মধ্যে রিকশাতে স্থাপনযোগ্য একটি ছাতা, পানির বোতল ও ১২ প্যাকেট করে খাবার স্যালাইন বিতরণ করেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আতিকুল ইসলাম বলেন, দিনদিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাইরে বের হতে হয় তাদের কষ্ট বেড়ে যায়। সীমিত আয়ের মানুষ যারা রয়েছে, বিশেষ করে রিকশাচালক তাদের কষ্ট আরো বেশি হয়। তারা যাতে অন্তত ছাতার ছায়াতে থাকতে পারে সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ছাতা প্রদান করা হচ্ছে। সিটি করপোরেশন যতগুলো নিবন্ধিত রিকশা রয়েছে সবাই ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে সেটি আধা লিটারের। এটি সহজে বহনযোগ্য এবং প্রয়োজনমতে স্যালাইন গুলে খেতে পারবে। এর আগে ৪ নম্বর সেক্টর পার্কে সংস্কার কাজ সমাপ্ত করে ওয়াকওয়েটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ছিদ্দিকুর রহমান সরকার, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্রেনে কাটা পড়ে পুলিশের দেহ দুই ভাগ
‘ফাঁকা গুলি ছুড়ে’ উপজেলা চেয়ারম্যানকে বদির হুমকি