চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। নগর নিয়ে তার পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল দেশ রূপান্তরের পক্ষ থেকে। কথা বলেছেন দেশ রূপান্তরের ডেপুটি ব্যুরো প্রধান ভূঁইয়া নজরুল-
দেশ রূপান্তর: আপনার প্রথম কাজ কি হবে ?
মোহাম্মদ ইউনুছ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দায়িত্বভার নিজ কাঁধে তুলে নিয়েছিলেন। আর প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য যেসব প্রকল্প চট্টগ্রামে বরাদ্দ দিয়েছেন সেসব চলমান প্রকল্প যাতে দ্রুত শেষ করাই আমার প্রথম লক্ষ্য। আর যদি কোনো কাজ শেষ না হয়ে থাকে কেন শেষ হয়নি এর সমাধানের পথ বের করা।
দেশ রূপান্তর: গত পাঁচ বছরে সিডিএ কোনো নতুন প্রকল্প নিতে পারেনি। পুরনো প্রকল্পগুলোই চলমান। নতুন প্রকল্প নেয়ার কোনো পরিকল্পনা রয়েছে কি?
মোহাম্মদ ইউনুছ: পূর্ববর্তী বিজ্ঞ চেয়ারম্যানগণ কি করেছেন আর কি করেননি তা বিচার বিশ্লেষণ করতে যাব না। তবে চলমান প্রকল্পগুলো শেষ করার পর আমি নতুন কিছু প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো।
দেশ রূপান্তর: কোন ধরনের প্রকল্প নিবেন?
মোহাম্মদ ইউনুছ: এই নগরে যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে সময়পোযোগী যেসব প্রকল্পের প্রয়োজন হবে সেসব প্রকল্প গ্রহণ করা হবে। পরিকল্পিত আবাসন নিশ্চিতের এবং পরিবেশ সহায়ক একটি শহর গড়ে তুলতে কাজ করবো।
দেশ রূপান্তর: বর্তমানে কর্ণফুলীর তলদেশে টানেলের মাধ্যমে আনোয়ারা শহরের সাথে যুক্ত হয়েছে এবং শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেস হয়েছে। নির্মিত হয়েছে আউটার রিং রোড। শহর সম্প্রসারণের সুযোগ রয়েছে। এনিয়ে আপনার পরিকল্পনা কি?
মোহাম্মদ ইউনুছ: শহরকে অবশ্যই সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে। তবে আমি এই শহরকে বিস্ত বানাবো না। শহরের ভেতরের গিঞ্জি পরিবেশ থেকে আমরা পরিকল্পিত উপায়ে সম্প্রসারণ করবো।
দেশ রূপান্তর: নগরীতে সিডিএ সিটি কর্পোরেশন সমন্বয়হীনতা অনেক পুরনো ইস্যু। এই ইস্যু কি আপনার সময়েও চলমান থাকবে?
মোহাম্মদ ইউনুছ: একটি কলমের ভেতরে কালি রয়েছে। কালি ও কলমের সমন্বয়ে লেখনি হয়ে থাকে। এই শহরে সিডিএ ও সিটি কর্পোরেশন আমরা দুই ভাই। আমরা উভয়ে একসাথে মুক্তিযুদ্ধ করেছি এবং রাজনীতির মাঠেও একসাথে আছি। তাই অবশ্যই আমরা সমন্বিতভাবে কাজ করে এই শহরকে এগিয়ে নিয়ে যাব। ইতোমধ্যে মেয়র জাপান থেকে আসার পর বিমান বন্দরে উনাকে ফুলেল শুভেচ্ছা জানাতে আমি গিয়ে হাজির হয়ে প্রমাণ করেছি আমরা একসাথে কাজ করতে চাই।
দেশ রূপান্তর: নগর পরিচালনায় আপনার কৌশল কি হবে?
মোহাম্মদ ইউনুছ: এই নগরে অনেক বিজ্ঞ প্রকৌশলী, শিক্ষাবিদ, পরিবেশবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন। আমি তাদের পরামর্শ নিয়ে নগর পরিচালনা করবো।
ট্রেনে কাটা পড়ে পুলিশের দেহ দুই ভাগ
বস্তিবাসীর জন্য ৯ ‘কুলিং জোন’ করবে উত্তর সিটি করপোরেশন
ভোটের পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় দেব না: ইসি রাশেদা
ব্রাদার্সের অঘটনের শিকার জামাল