রাজধানীর বকশিবাজারে যাত্রীবাহী বাসচাপায় আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বুয়েটের গাড়িচালক ছিলেন। শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা এইচ এম আদনান এক বাসযাত্রী জানান, তিনি মৌমিতা বাসের যাত্রী। বাসটি শিক্ষাবোর্ডের সামনে মোড় ঘুরানোর সময় ওই ব্যক্তিকে পাশের দেয়ালের সাথে চাপা দেয়। এতে গুরুতর আহত হন। তখন তারা কয়েকজন যাত্রী মিলে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। আর ওই বাসচালককে ঘটনাস্থলেই লোকজন আটক করে রাখে।
হাসপাতালে নিহতের ভাই আমির হোসেন জানান, তাদের বাড়ি বরিশালের সদর উপজেলার বাঘার হাওলা গ্রামে। বাবার নাম মীর মোহাম্মদ সাহেদ। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে লালবাগ গৌড়-ই শহীদ মাজার এলাকায় থাকতেন। তিনি বুয়েটের গাড়িচালক ছিলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে। গাড়িচালক ইসমাইল হোসেনকে আটকের পর লোকজন হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে এসেছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
কাল থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত