তাজউদ্দীন মেডিকেলে ভবনের ফাঁকা দিয়ে পড়ে রোগীর মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:৩৪ পিএম

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের একটি কক্ষের দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে পড়ে মারা গেছেন এক রোগী। শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালের ১২তলা নামাজের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছ হাসপাতাল কর্তৃপক্ষ। 

নিহতের নাম জিল্লুর রহমান (৭০), তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। জিল্লুর রহমান ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে ওই হাসপাতালের ১২তলার মেডিসিন বিভাগের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ তলা থেকে ১০ তলায় পড়ে গিয়ে রোগী নিহতের ঘটনায় হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান রুবিনা ইয়াসমিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যবিসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জিল্লুর রহমান ১২ তালার বারান্দায় নামাজ পড়ার স্থানে পায়চারী করছিলেন। এক পর্যায়ে রাত পৌনে ১১টার দিকে তিনি সেখানে মাথা ঘুরে কক্ষের দেওয়ালের পাশে ফাঁকা স্থান নিয়ে ১২তলা থেকে ১০তলায় পড়ে যান এবং গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন ইকবাল হোসেন বলেন, এ মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। নামাজের ঘরের দরজা তালা বদ্ধ ছিল না। ওই কক্ষের দেওয়ালের পাশে থাকা লম্বালম্বি দেড় থেকে দুই ফুট প্রস্থের ফাঁকা স্থানটি নেট দিয়ে আটকানো থাকলে এ দুর্ঘটনাটি ঘটতো না। 

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাজীপুর সদর থানার ওসি সৈয়দ মো. রফিউল করিম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত