গেল ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। ফিজ আইপিএল ছেড়ে আসায় চেন্নাইয়ের কম্বিনেশন নড়বড়ে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দ্র শেবাগ।
জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে গত ২ মে বাংলাদেশে ফিরে আসেন মোস্তাফিজ। এদিকে আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আসন্ন ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই চেন্নাইয়ের সামনে।
আজ রবিবার এবারের আইপিএলে নিজেদের ১১তম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই। আজকের ম্যাচ খেলা নিয়ে শঙ্কা আছে মাথিশা পাথিরানারও।
আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে চেন্নাইয়ের খেলা। তার আগে শেবাগ বলেন, 'মোস্তাফিজুর রহমান যখন আমেরিকার ভিসার জন্য দেশে ফিরে গিয়েছিল তখনও দুই ম্যাচ হেরেছিল চেন্নাই। তাদের বোলিংটা দুর্বল হয়ে যায় যখন পাথিরানা আর সে (মোস্তাফিজ) না খেলে। পাথিরানা ও মোস্তাফিজ যখন একসঙ্গে খেলেছে চেন্নাই জিতেছে। মুস্তাফিজ এখন বাংলাদেশে চলে গেছে। পাথিরানা ফিট কি না এটাও একটা প্রশ্ন। আমার মনে হয় চেন্নাইয়ের কম্বিনেশন নড়বড়ে হয়ে গেছে।’
চেন্নাই আগের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে হেরেছিল। তবে সেই ম্যাচে এক মেইডেনসহ চার ওভারে ২২ রান দিয়েছিলেন মোস্তাফিজ।
আইপিএলের এবারের আসরে ৯ ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
