বিক্ষোভের মুখে স্নাতক সমাপনীর অনুষ্ঠান বাতিল করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

  • নিরাপত্তার কারণে স্নাতক সমাপনীর অনুষ্ঠান বাতিল করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় 
  • বিক্ষোভকে কেন্দ্র করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে
আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:২৯ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যাকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহজুরে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সরব যুক্তরাষ্ট্রের বেশীরভাগ বিশ্ববিদ্যালয়।

আর এই বিক্ষোভের জেরে এবার স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলমান বিক্ষোভে অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিশ্ববিদ্যালয়টি আগামী ১৫ মে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাতিল ঘোষণা করে। অর্থাৎ এবার স্নাতক সমাপনী অনুষ্ঠানে বড় কোনো আয়োজন থাকছে না। অনুষ্ঠান হবে ছোট পরিসরে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বেন চ্যাং বলেন, ‘আমাদের ক্যাম্পাসে বড় পরিসরে সমাপনী অনুষ্ঠান আয়োজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, এমন আশঙ্কা অমূলক নয়। এমন পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মতো আমরাও গভীরভাবে হতাশ।’

তিনি আরও বলেন, “অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিকল্প জায়গা খুঁজছিল। তবে শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য, অতিথিরাসহ ৫০ হাজারের বেশি মানুষকে ধারণ করার মতো কোনো জায়গার ব্যবস্থা করা যায়নি।“

এছাড়া এই বিক্ষোভকে কেন্দ্র করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্নাতক সমাপনী অনুষ্ঠানের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কেউ অনুষ্ঠানের জায়গা পরিবর্তন করছে, কেউ আয়োজনে পরিবর্তন আনছে, আবার কেউ কেউ অনুষ্ঠানই বাতিল করছে।

মূলত কয়েক সপ্তাহ আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল ইসরায়েলবিরোধী বিক্ষোভ। পরে তা আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের দাবি হলো, তাঁদের বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বর্জন করে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের জন্য ইসরায়েলকে চাপ দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত