ডাস্টবিনের ওপর উপাচার্যের কুশপুত্তলিকা

আপডেট : ১০ মে ২০২৪, ০৫:৫৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের কুশপুত্তলিকা তৈরি করে পদত্যাগ দাবি করছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও গোল চত্বরের পাশে ডাস্টবিনের ওপর এ কুশপুত্তলিকা ঝুলানো হয়। শুক্রবার (১০ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর ও প্রধান ফটকের সামনে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কুশপুত্তলিকার মাথার অংশে রয়েছে উপাচার্যের ছবি। তার মাথায় রয়েছে একটি শিং। কুশপুত্তলিকার হাত দুটি প্রসারিত। বুকে একটি ব্যানার ঝুলানো। সেখানে দেখা যায় উপাচার্য কনুই দিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মুর্শেদ রায়হানকে হামলা করছেন। এ ছাড়া উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করা শিক্ষকদের পদত্যাগপত্রের ছবিসহ ব্যানার ঝুলিয়েছেন তারা। এ ছাড়া গত পাঁচ দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও ঘৃণা জ্ঞাপন পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, এই উপাচার্য আসার পর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি একটা আমদানিকৃত পঁচা মাল। একজন উপাচার্য হয়ে তিনি মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আজকে আমরা ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে ডাস্টবিনের ওপর তার কুশপুত্তলিকা স্থাপন করেছি। তার নির্দিষ্ট জায়গায় তিনি স্থান পেয়েছেন।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা আগে থেকেই শিক্ষকদের সমস্যা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সর্বশেষ ২৮ তারিখ উপাচার্য সন্ত্রাসী বাহিনী নিয়ে শিক্ষকদের ওপর হামলা করে। এ নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আজকে তিনি ক্যাম্পাসে না এসেও গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্মানী গ্রহণ করছেন। এর প্রতিবাদে আমরা তার কুশপুত্তলিকা স্থাপন করেছি।

এ বিষয়ে নিয়ে কথা বলতে উপাচার্য আবদুল মঈনকে কয়েকবার ফোন দিলেও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত