আটককৃত ৩৫ প্রত্যাশী ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ মে ২০২৪, ০১:০৪ পিএম

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ।  পুলিশি ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করাকালে গতকাল শনিবার (১১ মে) তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার (১২ মে) সকালে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তাদেরকে আজকে কোর্টে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরশাদ হোসেন বলেন, ‘অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে গতকাল ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজন পথচারী হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। দুপুরে তাদেরকে কোর্টে উপস্থিত করা হবে।’

এদিকে আটককৃতদের দ্রুত মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে ৩৫ প্রত্যাশীরা। এসময় তারা রাত ১০ টার মধ্যে তাদের মুক্তি না দিলে অনশনের ঘোষণা দেয়। এরই জের ধরে গতকাল রাত ১০ টা থেকে অনশনে বসে শিক্ষার্থীরা। আজকেও তারা রাজু ভাস্কর্যের সামনে অনশন অবস্থায় অবস্থান নেয়। 

এর আগে গতকাল শনিবার বেলা ১১টা থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য ছাত্র সমাবেশ করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। পরে বেলা আড়াইটার দিকে শাহবাগে পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করতে চাইলে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে এবং ১৩ শিক্ষার্থীকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত