সাগর-রুনি হত্যা মামলা

১০৮ বারেও প্রতিবেদন আসেনি আদালতে  

আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:১৮ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ১০৮ বারেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৬ মে) ধার্য তারিখে প্রতিবেদন না আসায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক নতুন করে আগামী ৩০ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। 

এর আগে গত ২ এপ্রিল ১০৭ বারেও প্রতিবেদন না আসায় নতুন করে ১৬ মে দিন ধার্য করেছিল আদালত। 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। 

প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। পরে ওই বছরের ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। এর দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে। এরপর থেকে এ মামলা এখনো তদন্তেই আটকে আছে। ফলে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডটিও এখন পর্যন্ত বিচারের পর্যায়ে আসেনি। 
এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার ৮ জনের কেউই এখন পর্যন্ত হত্যাকান্ডের দায় স্বীকার করেনি। এছাড়া তদন্তের প্রয়োজনে এ পর্যন্ত ১৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। 

মামলার আসামিদের মধ্যে দুইজন সাগর- রুনির কথিত বন্ধু তানভীর রহমান ও বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল হাইকোর্টের আদেশে জামিনে আছেন। অন্য ছয় আসামি মিন্টু ওরফে বারগিরা মিন্টু, বকুল মিয়া, কামরুল হাসান অরুন, রফিকুল ইসলাম, এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির ও আবু সাঈদ কারাগারে আছেন। 

এর মধ্যে আসামি বকুল, আবু সাঈদ ও কামরুল ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ন চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার (যুক্তিতর্কের পর্যায়ে) আসামি। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত