সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৭ বারের মত পেছাল। আগামী ২২ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল।
মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন ধরে তদন্ত চললেও মামলাটির কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। শুরুতে শেরেবাংলা নগর থানা পুলিশ, পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পরবর্তীতে র্যাব মামলাটির তদন্ত করে। তবে তদন্তে দীর্ঘসূত্রতার অভিযোগ ওঠায় গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবের কাছ থেকে তদন্তভার প্রত্যাহার করে নেয়।
আদালতের নির্দেশে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়। বর্তমানে ওই টাস্কফোর্স মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
মামলায় বর্তমানে আটজন আসামি রয়েছেন। তারা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল, এনায়েত আহমেদ এবং সাগর-রুনির বন্ধু তানভীর রহমান খান।