কুকি-চিনের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৪, ০৮:২৯ পিএম

পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (১৭ মে) বান্দরবান জেলার লাইমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫। 

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

র‍্যাব জানায়, কুকি-চিনের এই সমন্বয়ক আকিম বম দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। 

এর আগে গত এপ্রিলে বান্দরবানে বেশ কয়েকবার হামলা চালায় কুকি-চিন। পরে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। বান্দরবানের রুমার সোনালী ব্যাংকে লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনাও ঘটে। পরে অবশ্য মুক্তি পান সেই ব্যাংক ম্যানেজার। 

গত ২২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এক সন্ত্রাসী নিহত হন। তিনি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখা কেএনএর সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত