শুরুটা হয়েছিল পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ২০১৯ সালে বান্দরবানের রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় চলে ‘রহিম ডাকাত’ গ্রুপের অপরাধ কর্মকাণ্ড। নেতৃত্বে ছিলেন আব্দুর রহিম। এক পর্যায়ে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। শুরু করেন নিষিদ্ধ সংগঠনগুলোর জন্য অস্ত্র সরবরাহ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে গত বুধবার আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়।
সিটিটিসি জানায়, এসব অস্ত্র ও গোলাবারুদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ছাগল খাইয়্যা এলাকায় পাহাড়ের ঢালে ঘন জঙ্গলের ভেতর মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন আব্দুর রহিম। এগুলো জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কাছে সরবরাহ করার জন্য মজুদ করেন তিনি। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
সিটিটিসির অভিযানে আব্দুর রহমানের কাছ থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, দেশীয় ৪টি বন্দুক, বারুদভর্তি ৩টি বন্দুক, একটি ওয়ান শুটার বন্দুক, একটি ধারালো অস্ত্র, গুলি ১৬টি, কার্তুজ ১১টি, শর্টগানের খোসা ২৪টি, বাইনোকুলার দুটি, গ্যাস মাস্ক একটি, চার্জার লাইট একটি, রিচার্জেবল ব্যাটারি একটি, ওয়াকিটকি ও চার্জার দুটি, এসিড সৃদশ্য তরল পদার্থ ৬ লিটার, ইলেক্ট্রিক তার ৬০ ফুট, মোবাইল সিগন্যাল বুস্টার একটি, তারসহ এন্টেনা একটি, হাতুড়ি একটি, করাত একটি, হেক্স ব্লেড একটি, বাল্ব ৪টি, ইলেকট্রিক হোল্ডার ৪টি, নীল রংয়ের প্লাস্টিকের ড্রাম ২টি ও একটি ত্রিপল জব্দ করা হয়।
আজ শুক্রবার (১৭ মে) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ডেরায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পেয়ে যৌথ বাহিনী যখন অভিযান শুরু করে, তখন থেকে এসব নিষিদ্ধ সংগঠনকে একাধিকবার অস্ত্র সরবরাহ করেন আব্দুর রহিম। পরে আরও অস্ত্র সরবরাহের কথা ছিল। সেগুলো মাটির নিচে রেখে সমতলে চলে আসেন আব্দুর রহিম। কেএনএফের ডেরায় শারক্বীয়ার সদস্যদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) তৈরির প্রশিক্ষণ দেওয়া হতো। এতে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রয়োজন হতো। সেই রাসায়নিকও সরবরাহের কথা ছিল আব্দুর রহিমের। এছাড়া তিনি জঙ্গি সংগঠনে সরবরাহের জন্য মোবাইল নেটওয়ার্ক বুস্টার সংগ্রহ করেছিলেন।’
সিটিটিসি জানায়, শারক্বীয়া যখন পাহাড়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করে, তখন থেকে আব্দুর রহিম অস্ত্র সরবরাহের কাজ করছিলেন। তার সঙ্গে এর আগে গ্রেপ্তার হওয়া শারক্বীয়ার অস্ত্র সরবরাহকারী কবির আহাম্মদের যোগাযোগ ছিল। কবির সংগঠনের জন্য কাজ করতে রহিমকে প্রস্তাব দেয়। রহিম তার প্রস্তাবে রাজি হন এবং অস্ত্র সরবরাহের পাশাপাশি সংগঠনের সদস্য সংগ্রহেও তিনি কাজ করেন।
শারক্বীয়ার মাস্টারমাইন্ড ও সংগঠনের প্রধান শামিন মাহফুজকে গত বছরের ২৩ জুন গ্রেপ্তার করা হয়। তাকে শারক্বীয়ার প্রশিক্ষণ, অস্ত্রের উৎস, অর্থায়ন সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে তার ঘনিষ্ঠ সহযোগী মো. ইয়াছিন এবং বান্দরবান থেকে অস্ত্র সরবরাহকারী কবির আহাম্মদকে ৮ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। শামিন মাহফুজ ও অস্ত্র সরবরাহকারী কবির আহাম্মদকে গ্রেপ্তারের পর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে আব্দুর রহিম ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান।
সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ‘কীভাবে তিনি (আব্দুর রহিম) এসব অস্ত্র সংগ্রহ করেছেন, তার সঙ্গে কারা জড়িত রয়েছে এবং কোন কোন পর্যায় থেকে তিনি সহযোগিতায় পেয়েছেন– এসব জানার জন্য আব্দুর রহিমকে অরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।’
মার্চে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএসর প্রধান হারিজ ফারুকী ভারতে গ্রেপ্তার হয়েছেন। তারা বলছে– তিনি (হারিজ ফারুকী) বাংলাদেশে ছিলেন? তাদের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কি না রহিমের? এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদোশের কোথাও আন্তর্জাতিক জঙ্গি অবস্থান করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংঠনের কারও অবস্থানের প্রশ্নই আসে না।’
বর্তমানে শারক্বীয়ার নেতৃত্বে কে– জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, ‘তাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। এই সংগঠনের সব শীর্ষ নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। নতুন করে সংগঠিত হওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই।’
তিনি বলেন, ‘পাহাড়ে প্রশিক্ষণে অংশ নেওয়াদের তালিকা পেয়েছি। তালিকার প্রায় সবাই গ্রেপ্তার হয়েছে। যারা প্রশিক্ষণের দাওয়াত পেয়েছে তাদেরও নাম পেয়েছি। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
তাপপ্রবাহ নিয়ে চার বিভাগে আবারও সতর্কবার্তা
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার
শনিবার যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
লোহার পাইপ দিয়ে পিটিয়ে রিকশাচালকের পা ভাঙলেন পুলিশ সদস্য
কবর দেওয়ার চারদিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার
প্রতিবেশীর বাড়িতে ২৬ বছর বন্দি, উদ্ধারের পর বললেন ‘যাদুমন্ত্র’