ঘরের মাঠ ওয়াংখেড়েতে শেষ ম্যাচটিও হেরে এবারের আইপিএল শেষ করলো মুম্বাই ইন্ডিয়ানস। সেই সঙ্গে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে পয়েন্ট টেবিলে সবার শেষে থেকেই বিদায় নিতে হলো হার্দিক পান্ডিয়াকে।
শেষ ম্যাচে স্বান্তনার জয়ে অবশ্য কোনো আশার দুয়ার খোলেনি লখনৌয়ের। নেট রান রেটের হিসাবে তারা রয়েছে ৬ নম্বরে। আজ বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের ফল যাই হোক আইপিএল শেষ হয়ে গিয়েছে তাদেরও।
নিকোলাস পুরানের ২৯ বলে ৭৫ ও লোকেশ রাহুলের ৪১ বলে ৫৫ রানের সুবাদে ৬ উইকেটে ২১৪ রান তোলে লখনৌ। জবাবে রোহিত শর্মার ৩৮ বলে ৬৮ এবং শেষ দিকে নামান ধিরের ২৮ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসের পরেও ১৯৬ রানে থামে মুম্বাই। ১৮ রানের জয় পায় লখনৌ।
১৪ ম্যাচে মাত্র ৪টিতে জয় পেয়েছে মুম্বাই। ৮ পয়েন্ট নিয়ে ২০২২ সালের পর এবার দ্বিতীয়বার সবার শেষে থেকে আইপিএল শেষ করলো ৫ বারের চ্যাম্পিয়নরা।
