যাত্রাবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ মে ২০২৪, ০৯:৪১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিখোঁজের ৪ দিন পর হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। নয়ন (২০) নামের ওই যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত ১৪ মে নিখোঁজের রাতে ডেমরা এলাকা থেকে তার চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছিল। তবে তখন রিকশাটির ব্যাটারি ও কিছু সরঞ্জামাদি খোয়া গিয়েছিল।

শনিবার (১৮ মে) বেলা ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি পক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান জানান, শনিবার দুপুরে খবর পেয়ে যাত্রাবাড়ী থানাধীন একটি প্রজেক্টের ভেতরে বাউন্ডারি দেওয়া প্লটের মধ্যে তার লাশ দেখা যায়। রশি দিয়ে তার হাত আর কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় ছিল। মৃতদেহটি কিছুটা পঁচে গেছে ও পোকায় ধরেছে। পরবর্তিতে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করে হচ্ছে, ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে নিহত নয়নের মা রিনা আক্তার জানান, নয়নের বাবার নাম মো. বাবুল। তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার কেবলনগর গ্রামে। বর্তমান যাত্রাবাড়ীর শেখদি এলাকায় থাকেন তারা। ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে নয়নের। ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন।

নয়নের মায়ের অভিযোগ, নিখোঁজের ১ সপ্তাহ আগে মৃধাবাড়ি-শনিরআখড়া রোডে ইজিবাইক চালকদের সঙ্গে নয়নের মারামারির ঘটনা ঘটেছিল। আজ লাশ উদ্ধারের পর নয়নের দুই বন্ধু আল আমিন ও সাব্বিরের কাছ থেকে সেই মারামারির ঘটনা শুনতে পেরেছেন তিনি। মায়ের সন্দেহ, সেই মারামারির ঘটনার জের ধরেই নয়নকে খুন করা হতে পারে। আর নয়নের বন্ধু আল আমিন ও সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের বিষয়ে জানা যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত