যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা না জানালে ইসরায়েলের মন্ত্রিত্ব ছাড়ার হুমকি

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:৪৯ পিএম

আগামী ৮ জুন পর্যন্ত সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। এই সময়ের মধ্যে গাজা নিয়ে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা না জানালে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, হামাসের হামলার পরপর ইসরায়েলে গঠিত যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য হন বেনি গ্যান্টজ। ২০২৪ সালের ৬ মার্চ গ্যান্টজ যুক্তরাষ্ট্র সফর করার পর থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ তৈরি হয়। এর আগেও বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে বক্তব্য দেন তিনি। 

এসব ঘটনার মধ্যেই শনিবার (১৮ মে) বেনি গ্যান্টজ এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৮ জুনের মধ্যে গাজার জন্য যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করতে হবে অন্যথায় তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করবেন।পাশাপাশি যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকাকে শাসনের জন্য ৬ দফা পরিকল্পনায় সম্মতি দিতে আহ্বান জানান।

ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী জানান, যদি তার চাওয়া পূরণ করা না হয়, তাহলে তিনি গত বছর গাজা যুদ্ধের তদারকির জন্য গঠন করা যুদ্ধকালীন জরুরি ঐক্যের সরকার থেকে নিজের মধ্যপন্থী দলের সমর্থন তুলে নেবেন।

ইসরায়েলে বেনি গ্যান্টজকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগদানের আগে তিনি বিরোধী দলের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত