রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইতোমধ্যেই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি।
পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করার জন্য মস্কোর প্রস্তুতির কথা জানিয়েছেন রাশিয়ান ফেডারেশন নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু। রাশিয়ান সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে খবর ইরনার।
তাসের খবরে বলা হয়, শোইগু ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ানের কাছে তার বার্তায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমরা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
এর আগে হেলিকপ্টার দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে সহযোগিতার জন্য দুটি অত্যাধুনিক প্লেন এবং বেশ কয়েকটি হেলিকপ্টারসহ রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ ৫০ সদস্যের পর্বতারোহী উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছিলেন পুতিন। পাশাপাশি যেসব সহায়তা প্রয়োজন তার সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া।
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে যুক্তরাষ্ট্রকে দোষারোপ
এক অক্লান্ত প্রেসিডেন্টের বিদায়