সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারের কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (২২ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যৌথ সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, কী লজ্জার কথা! সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য জাতির জন্য কত লজ্জার! এজন্য দায়ী কে? দায়ী সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টার কারণেই এ ঘটনা ঘটেছে। দেশ ও দেশের বাইরে মিডিয়ায় বার বার বলা হলেও এ ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
র্যাবের ওপর অতীতে নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, র্যাবের যেসব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এলো তা থেকে সরকার কোনো শিক্ষা নিল না। তাদের থেকে একজন পুলিশ বাহিনীর আইজি হয়ে গেলেন। এটার কতটুকু ইমপ্যাক্ট পড়ে এ ব্যাপারে আমার ধারণা নাই। কারণ যারা গায়ের জোরে ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, যারা তাদের ক্ষমতাটাকে চূড়ান্ত করার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য, আনফুরচুনেট শুধু নয়, এটা লজ্জার কথা শেইম।
অভিযোগ করে তিনি বলেন, এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ গণতন্ত্রের সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে, দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে পৌঁছেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক। দেশের মাথা নিচু হয়ে আসে।
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে সন্ত্রাসীদের হামলা এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, গ্রাম থেকে শহর, পাড়া-মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ফ্যাসিবাদের নারকীয় তাণ্ডবে জনজীবনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ত্রাসী আর লুটেরাদের আশ্রয়স্থল হচ্ছে আওয়ামী সরকার। এদিকে মূল্যস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অত্যধিক দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ হাবুডুবু খাচ্ছে। বাংলাদেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য। সন্ত্রাসীদের এ সহিংস আক্রমণগুলো সুপরিকল্পিত এবং নতুনভাবে দেশব্যাপী অরাজকতা সৃষ্টির বহিঃপ্রকাশ।
বিএনপি মহাসচিব বলেন, মৌলিক অধিকার হরণসহ ন্যূনতম চাহিদাগুলো থেকে বঞ্চিত করে জনগণকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়েছে বর্তমান ডামি আওয়ামী সরকার। অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতায় আরোহণসহ সর্বত্র তাদের ব্যর্থতার জন্য যে ধিক্কার উঠেছে সেটিকে দিকভ্রান্ত করতেই বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। সরকারি আনুকুল্যে সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়লেন আনারের মেয়ে
গফরগাঁওয়ে লড়িচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান এমপি আনারের মেয়ে