আগামী ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা ‘ব্যুমেরাং’, যেখানে প্রথমবারের মতো জিতের নায়িকা হিসেবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জানা গেছে, শৌভিক কুণ্ডু পরিচালিত এই সিনেমাতে রুক্মিণীকে দেখা যাবে ন্যাড়া মাথায়।
রুক্মিণী জানালেন, ন্যাড়া মাথার ব্যাপারটা আগে চিত্রনাট্যে ছিল না। তাকে বলাও হয়নি কিছু। তবে শ্যুটের মাঝেই একদিন শৌভিকের কাছ থেকে এই প্রস্তাবটা আসে। যা হতচকিত করে দিয়েছিল অভিনেত্রীকে।
অভিনেত্রী বলেন, ‘একদিন শৌভিক এসে আমাকে এই প্রস্তাবটা দিল। আমি শুনে অবাক হয়ে পালটা প্রশ্ন করলাম, ‘মেইনস্ট্রিম নায়িকাকে তোমরা ন্যাড়া দেখাবে? এটা আদৌ থাকবে সিনেমায়?’ আমি বরাবরই, আউট অব দ্য বক্স কিছু করতে ভালোবাসি। তাই তখনই রাজি হয়ে যাই।’
রুক্মিণীর ক্যারিয়ারে বড় চমক হতে চলেছে এই ছবি। প্রথমবার দ্বৈত চরিত্রে কাজ করেছেন তিনি। এখানে তার একটি চরিত্র সাধারণ মেয়ের, অন্যটি এক রোবটের। আর এই রোবটের চরিত্রের জন্যই ন্যাড়া মাথা। মেকআপ নিতে প্রত্যেকদিন ৩ ঘণ্টা সময় লেগে যেত। তবে টাক মাথা কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি রুক্মিণীর আত্মবিশ্বাসে।
রুক্মিণী জানালেন, ‘নিজেকে তো বিদেশি সুপার মডেল লাগছিল। কত যে ছবি তুলিয়েছি সেদিন।’
রুক্মিণীকে সামনে দেখা যাবে নটী বিনোদিনী আর দ্রৌপদী হিসেবে। দুটি ছবিরই পরিচালক রামকমল মুখোপাধ্যায়। খুব সম্ভবত জুন-জুলাইয়ের পর মুুক্তি পাবে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’।
এক সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, তিনি সেই সিনেমার জন্য বিরজু মহারাজের শিষ্য সৌভিক চক্রবর্তীর কাছে কত্থক শিখেছিলেন। এছাড়াও তার ক্লাসিক্যাল ডান্সের গুরুজি ছিলেন নৃত্যশিল্পী মনীষা বসু। শুধু তাই নয়, বিনোদিনী হয়ে উঠতে অন্য সব পোশাক ছেড়ে সেই মুহূর্তে শুধু শাড়ি পরছিলেন রুক্মিণী। এছাড়াও পূজাতে মুক্তি পাওয়ার কথা আছে সৃজিতের পরিচালনায় টেক্কা। সেখানেও অবশ্য তিনি দেবের বিপরীতেই।
হাসপাতাল ছাড়লেন শাহরুখ
বাবা হারালেন আফসানা মিমি