কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হয়েছেন বাংলা ও হিন্দি সিনেমায় বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার আরও এক সম্মানে ভূষিত হতে যাচ্ছেন এই তারকা।
আগামী ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডি. লিট সম্মাননা দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে সেই চিঠি এসে পৌঁছেছে। সমাবর্তনের জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতি শুরু হয়ে গেছে।
উল্লেখ্য, ডি. লিট বা ডক্টর অব লেটারস বা ডক্টর অব লিটারেচার সম্মানটি মূলত বিজ্ঞান, কলা ও সৃজনশীল শিল্পকর্মে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি উচ্চতর একাডেমিক উপাধি, যেটা পিএইচডির সমতুল্য।