নিজদলের নেতাদের হামলার শিকার ছাত্রদল সম্পাদক

আপডেট : ২৫ মে ২০২৪, ০৭:৪৭ পিএম

রাজবাড়ী থেকে সম্মেলন শেষে গোয়ালন্দে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার (২৫)। পরে তাকে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

শুক্রবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাস থেকে নামিয়ে তার ওপর হামলা করেন ছাত্রদল নেতারা। 

এ বিষয়ে সবুজ সরদারের ভাই সেলিম সরদার বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের সম্মেলন শেষে বাড়ি ফিরছিলেন সবুজ সরদার। হত্যার উদ্দেশ্যে গোয়ালন্দ হাসপাতালের সামনে বাস তল্লাশি করে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলামের নেতৃত্বে তাকে লোহার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ফরিদপুর গ্রীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সবুজ লাইফ সাপোর্ট আছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান জানান, এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নুরুল ইসলাম দলের জন্য হুমকি। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, তাকে এই পদটি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। তাই কেন্দ্রীয় ছাত্রদলকে বিষয়টি জানানো হয়েছে। আগামী রবিবারের মধ্যে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত নুর ইসলামকে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখন পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত