কলকাতায় খুন হয়ে যাওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের লাশ বা লাশের অংশ উদ্ধার না হলেও মামলার নিষ্পত্তি হতে কোনও অসুবিধা হবে না বলে মনে করেন ডিবি প্রধান হারুন অর রশীদ।
আজ মঙ্গলবার কলকাতার নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
এদিন হোটেল থেকে বেরিয়ে লালবাজারে যান ডিবি প্রধান। সেখানে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের সাথে সাক্ষাৎ করবেন তিনি। তারপরে সেখান থেকে হাতিশালা ক্যানেলে এবং সেখান থেকে প্রয়োজনে সঞ্জীবা গার্ডেনেও যেতে পারে এই প্রতিনিধি দলটি।
তিনি বলেন, অপরাধীদের খুশি হওয়ার কোনো জায়গা দেব না আমরা। দোষীরা শাস্তি পাবেই। লাশের অংশবিশেষ না পাওয়া গেলেও মামলা নিষ্পত্তিতে কোনো সমস্যা হবে না। দুই বাংলার পুলিশের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে।
তিনি আরও বলেন, পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, রক্তের নমুনা, সিসিটিভি ফুটেজসহ একাধিক তথ্য কাজে লাগিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। অপরাধীরা শাস্তি পাবেই। আমরা নারকীয় হত্যাকাণ্ডের সমস্ত নথি আদালতে পেশ করব। আশা করি তাতে বিচারপ্রক্রিয়া চালাতে কোনো সমস্যা হবে না।
এদিকে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করার পর পাবলিক টয়লেট দিয়ে সেই লাশের কিমা ফ্ল্যাশ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ফলে সেই লাশের টুকরোর হদিশ পেতে ওই আবাসনের সুয়ারেজ পাইপ (নিষ্কাশন প্রক্রিয়া) সেটাকেও ভাঙার জন্য সিআইডি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন ডিবি প্রধান। পাশাপাশি লাশের সন্ধানে সঞ্জীবা গার্ডেনের পাশেই হাতিশালা ক্যানেলেও তল্লাশি অভিযান চালানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশের গোয়েন্দা দল।
গত ১২ মে ঢাকা থেকে কলকাতায় যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৩ মে নিউটাউনের আবাসনে খুন হন তিনি। হত্যার পর লাশ গুম করতে দেহের চামড়া ছাড়িয়ে হাড়-মাংস আলাদা করে ফেলা হয়। চার টুকরো করা হয় মাথার খুলি। এরপর দেহাংশ ট্রলি ব্যাগে ভরে কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায় জলাশয়ে ফেলে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। ১ জনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি।
ঘটনা তদন্তে গত রবিবার সকালে কলকাতায় যায় বাংলাদেশের তদন্তকারী টিম। ডিবি প্রধান হারুনের সঙ্গে আসা টিমে রয়েছেন ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ ও অতিরিক্ত উপ-কমিশনার সাহেদুর রহমান।
ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি দেখতে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড় রিমালের কারণে জলাবদ্ধ নারায়ণগঞ্জ
রিমালে গ্রামীণের ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি