আওয়ামী লীগ একজন আজিজ, বেনজীর নয়, হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা বাংলাদেশ লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই দায় কি শুধু তাদের? এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।
আজ বুধবার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, বেনজীর বা আজিজ কেন তৈরি হয়… আপনারা তৈরি হবেন না। দুর্নীতি করেছে কি শুধু তারা। একজন আজিজ শুধু নয়, একজন বেনজীর শুধু নয়। অসংখ্য আজিজ ও বেনজীর আপনারা তৈরি করেছেন যারা লুট করে খাচ্ছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন দেন না কেন। একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি। আমরা কখনো বলিনি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দাও। আমরা একাই নই, ৬৩টা বিরোধী দল… বাম-ডান সবাই একসাখে সেই লড়াইটা লড়ছি, আমাদের অধিকার, ভোটের অধিকারের জন্য লড়ছি। সুষ্ঠু নির্বাচন দিন, জনগণ সিদ্ধান্ত নিক। তারা সেটা কোনোদিনই করবে না। কারণ, তারা তারা জানে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে ১০%ও আসন পাবে না।
অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে লাইসেন্স দিয়েছিলেন রাজনীতি করার। আর সেই লাইসেন্স নিয়ে তারা মেলা মেলা কথা বলছে। কার সম্বন্ধে ওই জিয়াউর রহমান সম্বন্ধে, কার সম্বন্ধে বেগম খালেদা জিয়ার সম্বন্ধে, কার সম্বন্ধে তারেক রহমানের সম্বন্ধে। তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি আর থাকবে না।
তিনি বলেন, বিএনপি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরেছেন বিএনপি টিকে আছে। এখন তারেক রহমান হাল ধরেছেন বিএনপি টিকে থাকবে হাজার বছর ইনশাল্লাহ। এই দলকে কেউ ধবংস করতে পারবে না। আর এই দল ধবংস করার কেউ নেই। এই দল না থাকা মানে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিদেশে প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া। সুতরাং বিএনপিকে টিকে থাকতে হবে, বিএনপির প্রতিটি কর্মীকে টিকে থাকবে, এদেশের মানুষকে টিকে থাকতে হবে।
সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি আন্দোলন করে যাচ্ছে। কোথায় সেই ছাত্রদল, কোথায় তরুণরা। আশা করব আপনারা এখানে যারা ছাত্র আছেন পুরনো দিনে একাত্তরের কথা স্মরণ করে আপনারা মাঠে নামবেন বিএনপি ডাকে। রাজপথে নেমে আমরা এই লুটেরার দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব।
দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
আজিজের দুর্নীতির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
আবাহনীকে হারিয়ে মোহামেডানের রানার্স-আপের ট্রেবল
মাদকের টাকা নিয়ে খুন হয় রনি