মেক্সিকোতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ-সংঘর্ষ, আগুন

  • রাফাহতে ইসরায়েলের তীব্র আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা
  • সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা
আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৫৭ এএম

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মেক্সিকোতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ সংঘর্ষে রূপ নিয়েছে। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

বুধবার রাজধানীতে মেক্সিকো সিটিতে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।

তবে আগুনে দূতাবাসের দেয়াল ও দেয়ালের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি। খবর মিডল ইস্ট মনিটরের।

মেক্সিকো সিটির লোমাস ডি শাপুলটেপেক এলাকায় ইসরায়েলের দূতাবাস অবস্থিত। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক তীব্র আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মেক্সিকান ফিলিস্তিনপন্থিরা।

‘রাফার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে’ প্রায় ২০০ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। কিন্তু দাঙ্গা পুলিশ আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেওয়ায় তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেল কুড়িয়ে নিয়ে পাল্টা হামলা চালায়। এসময় বিক্ষোভকারীরা দূতাবাসের বাইরে আগুন ধরিয়ে দেয়।

গত রোববার রাফাহ শহরের বাইরে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। ওই শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৪৫ জন প্রাণ হারায়।

ওই হামলা পর থেকে বিশ্বজুড়ে এই যুদ্ধবিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত