গাজা-মিসর সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইসরায়েল

  • ফিলাডেলফি করিডোরে হামাসের প্রায় ২০টি টানেল পাওয়ার দাবি জানিয়েছে আইডিএফ 
  • রাফাহ সীমান্তের গাজা দিকের নিয়ন্ত্রণ নেয়ার পর উত্তেজনা বেড়েছে মিসর-ইসরায়েলে
আপডেট : ৩০ মে ২০২৪, ১২:৪২ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও মিসর সীমান্তের মধ্যকার কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকা ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সীমান্ত বরাবর অবস্থিত এই এলাকাটি একটি বাফার জোন।

এই এলাকাটিতে গাজায় অস্ত্র পাচারের জন্য হামাসের ব্যবহৃত প্রায় ২০টি টানেল পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মিসরের সাথে সীমান্ত নিয়ে উত্তেজনা ও রাফাহতে ইসরায়েলের তীব্র আগ্রাসনের মধ্যেই এই ঘোষণা দিল দখলদার দেশটি।

বুধবার আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, "সাম্প্রতিক দিনগুলিতে, আইডিএফ সৈন্যরা মিশর ও রাফাহ সীমান্তে ফিলাডেলফি করিডোরে অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।"

এ সময় ফিলাডেলফি করিডোরটিকে হামাসের জন্য একটি "লাইফলাইন" হিসাবে বর্ণনা করে তিনি বলেন, “এই করিডোরের মাধ্যমে মাধ্যমে হামাস নিয়মিতভাবে গাজা উপত্যকায় অস্ত্র পাচার করে।“

তিনি বলেন, সৈন্যরা ওই এলাকায় পাওয়া সুড়ঙ্গগুলো তল্লাশি করছে এবং ধ্বংস করছে। যদিও হাগারি পরে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন তিনি নিশ্চিত নন খুঁজে পাওয়া সব টানেল মিশরে প্রবেশ করেছে।

তবে ইসরায়েলের এই দাবি অস্বীকার করেছে মিসর। দেশটির দাবি ইসরায়েল এসবের মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করতে এবং দক্ষিণ গাজার রাফাহ শহরে তাদের সামরিক অভিযানকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে।

মিশর এর আগে বলেছিল যে তারা আন্তঃসীমান্ত টানেল ধ্বংস করে সব ধরনের অস্ত্র চোরাচালানকে অসম্ভব করে তুলেছে।

হামাসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী রাফাহ ক্রসিং পয়েন্টের গাজান দিকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে মিসর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতে, রাফাহ সীমান্তবর্তী এলাকায় মিসরীয় ও ইসরায়েলি সেনাদের সাথে জড়িত একটি ঘটনায় একজন মিসরীয় সৈন্য নিহত হয়েছেন।

ফিলাডেলফি করিডোর প্রায় ৩৩০ প্রশস্ত একটি বাফার জোন, যা মিসরের সাথে ১৩ কিলোমিটাম সীমান্তের গাজা পাশ দিয়ে চলে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত