গাজায় আরও কতদিন যুদ্ধ চলবে, জানাল ইসরায়েল

  • চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের কর্মকর্তা
  • হামলার মুখে রাফাহ থেকে গত তিন সপ্তাহে ১০ লাখের বেশি ফিলিস্তিনি পালাতে বাধ্য হয়েছে
আপডেট : ৩০ মে ২০২৪, ০১:৪৩ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হয়েছে দখলদার ইসরায়েলের আগ্রাসন। হামলার সাত মাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই এখন পর্যন্ত।

কিন্তু খুব শীঘ্রই এই যুদ্ধ শেষ হচ্ছে না, গাজায় যুদ্ধ চলতে পারে আরও সাত মাস। অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি।

গতকাল বুধবার ইসরায়েলের সরকারি রেডিও কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান হানেবি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকারে হানেবি বলেন, ‘হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) সামরিক ও শাসন করা সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আরও সাত মাস যুদ্ধ চলবে বলে মনে করছি।‘

তিনি আরও জানান, ‘ইসরায়েলের সামরিক বাহিনী গাজা-মিসর সীমান্তজুড়ে বাফার জোনের ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।‘

এ সময় তিনি রাফাহ শহরে চলমান অভিযানের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ‘২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তসংলগ্ন এলাকাকে ‘চোরাচালানের রাজ্য’ হিসেবে গড়ে তুলেছে।‘

এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে তীব্র হামলার পর থেকে বিশ্বজুড়ে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় ইসরায়েলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে খোদ মিত্ররাও।

এদিকে তীব্র হামলার মুখে রাফাহ থেকে গত তিন সপ্তাহে ১০ লাখের বেশি ফিলিস্তিনি পালাতে বাধ্য হয়েছেন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার জানিয়েছে যে, সেখানে হামাসের অবশিষ্ট ব্যাটালিয়নের বিরুদ্ধে তাদের সেনারা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে হামলা পরিচালনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত