আওয়ামী লীগ দেশকে আবার তলাবিহীন ঝুড়ি বানিয়েছে: মির্জা আব্বাস

আপডেট : ৩১ মে ২০২৪, ০৬:১৯ পিএম

আওয়ামী লীগ সরকার আবার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মানুষ এমনিতেই কষ্টে আছে। এরমধ্যে সরকার আবারও তেলের দাম বাড়িয়েছে। এই বৃদ্ধির কারণে আবারও সবকিছুর মূল্য বৃদ্ধি পাবে। কেন দেশের এই করুণ দশা? এরা লুট করে দেশের সম্পদ বিদেশে পাচার করছে। দুর্নীতির মাধ্যমে পুরো দেশকে অকার্যকর করে তুলছে।

আজ শুক্রবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণ দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, যারা বলেন বিএনপি নাই, বিএনপি থাকবে না। তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে এবং থাকবে। বিএনপির হাতেই দেশ ও স্বাধীনতা নিরাপদ। বিএনপিই এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। যারা দেশকে বিপদে ফেলে চলে যায় তাদের হাতে দেশ নিরাপদ নয়।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত