তমা মির্জাকে পেয়ে ভাগ্যবান রাফি

আপডেট : ০১ জুন ২০২৪, ১০:৫৬ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ঢালিউড কিং শাকিব খানের আসন্ন সিনেমা ‘তুফান’ নিয়ে নতুন করে আলোচনায় তিনি। কাজের বাইরেও বহুদিন ধরে ঢালিপাড়ায় চর্চার কেন্দ্রে ছিলেন ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ খ্যাত এই নির্মাতা।

রাফির আলোচনার থাকার আরও একটি কারণ হলো চিত্রনায়িকা তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ খ্যাত এই অভিনেত্রীর আজ জন্মদিন। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে রায়হান রাফি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। প্রতি উত্তরে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।

রাফি তার ফেসবুকে লিখেছেন, আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম। উদযাপন করো। শুভ জন্মদিন তমা। মন্তব্যের ঘরে এই কথার উত্তর দিয়েছেন তমা। তিনি লিখেছেন, আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি।

রায়হান রাফি ও তমা মির্জা তাদের রসায়নকে এতদিন ‘জাস্ট ফ্রেন্ড’ বলে আখ্যা দিয়ে আসছিলেন। তবে রায়হান রাফির পরপর কিছু সিনেমায় তমা মির্জাকে দিয়ে অভিনয় করানোর পর তাদের সম্পর্ক নিয়ে আরও জোরালো প্রশ্ন উঠতে থাকে। এছাড়াও সামাজিক মাধ্যমে মাঝে মাঝে নানা খুনসুটির মুহূর্তও প্রকাশ করেন তারা। 

আর তমার এবারের জন্মদিনে রাফির দেওয়া স্ট্যাটাসটি নেটিজেনদের আরও ভাবিয়ে তুলেছে। তবে শেষ পর্যন্ত কী হয়, তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তার জন্য করতে হবে শুধুই অপেক্ষা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত