কাজ করল না 'রাম মন্দির' ম্যাজিক, বিজেপির ভরাডুবি

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৬:৪৪ পিএম

চলতি বছরে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি স্থাপনের পর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের ধারণা ছিল, রাম মন্দির ম্যাজিক লোকসভা ভোটের হাওয়া ঘুরিয়ে দেবে। কিন্তু অযোধ্যায় নির্মিত রাম মন্দির কেন্দ্রেই ধরাশায়ী বিজেপি। ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন উল্টো হাওয়া বইছে। 

ভোট গণনার সময় যত এগোচ্ছে, ততই কপালে ভাঁজ পড়েছে মোদি থেকে যোগীর। এনডিএ জোটকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে ইন্ডিয়া জোট। গুরুত্বপূর্ণ আসন এখনও পর্যন্ত ইন্ডিয়া এবং কংগ্রেসের দখলেই।

উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪৪টিতে এগিয়ে ইনডিয়া জোট (সমাজবাদী পার্টি ও কংগ্রেস)। ৩৫টি আসনে এগিয়ে এনডিএ। ২০১৯ সালে এ রাজ্যে ৬২টি আসনে জিতে দিল্লির মসনদ দখল করেছিল বিজেপি।

ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। সেই কেন্দ্রেই ধরাশায়ী বিজেপি। সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের থেকে ২০ হাজার ২৭৯ ভোটে পিছিয়ে বিজেপির লাল্লু সিং। অন্যদিকে আমেথিতে স্মৃতি ইরানি, মানেকা গান্ধীর মতো হেভিওয়েট প্রার্থীরা পিছিয়ে আছেন। বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, ডিম্পল যাবদরা। ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই ইনডিয়া জোটের উত্তরপ্রদেশ দখলের ইঙ্গিত স্পষ্ট। যা ঘিরে পদ্ম শিবিরেও চরম অস্বস্তি বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত