জয়ের পর বন্ধ হচ্ছে রচনার ‘দিদি নম্বর ওয়ান’?  

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৬:১৮ পিএম

রাজনীতির ময়দানে এবারই প্রথম নামলেন এবং জয়ী হয়েই ফিরলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ১৮তম লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ান। সমাজমাধ্যম জুড়ে তাকে নিয়ে চলে নানা চর্চা। জেতার পর সেই মিম প্রস্তুতকারকদেরই ধন্যবাদ জানালেন তিনি।

যারা তাকে নিয়ে ট্রল করেছেন তাদের উদ্দেশ্যে রচনা বলেন,‘আমি তাদের দোষ দিচ্ছি না। তাদের রুজি-রোজগারের জায়গা। এই মিমের কারণে যে প্রচারটা পেয়েছি, তা আমার পক্ষেই গেছে। কারণ যে কোনও ধরনের প্রচারই কিন্তু আসলে প্রচার। ওরা আমাকে যে হাইপটা দিয়েছেন, তাতে সারা পৃথিবীর লোক জেনে গেছে কে রচনা বন্দ্যোপাধ্যায়।’

জয়ের পরে তার প্রতিক্রিয়া, ‘ভাল লাগছে, সব থেকে ভাল লাগছে তৃণমূলের এই জয়।’ এই মুহূর্তে হগুলি থেকে কলকাতায় ফিরবেন রচনা, ফিরে ছেলের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন। তার ভাষ্য, ‘গত কয়েক মাসে একদম সময় দিতে পারিনি ছেলেকে। জেতার পর আমাকে বলেছে, ‘মা, আমাকে এবার সময় দেবে’। ওকে নিয়ে ঘুরতে যাব আগে।’

সাংসদ হিসেবে নতুন দায়িত্ব নিতে হচ্ছে। তবে কি ‘দিদি নম্বর ওয়ান’ শোয়ের ভবিষৎ অনিশ্চিত, এমন প্রশ্নে খানিক অভয় দিয়ে রচনা জানালেন, কোনো দিকেই অসুবিধা হবে না। দুই দিকের দায়িত্বই পালন করবেন তিনি। হয়তো তার কষ্ট হবে, কিন্তু তিনি করতে পারবেন নিশ্চিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত