গাজায় ত্রাণের গাড়িতে হামলা, ইসরায়েলি সংগঠনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

  • গাজায় ত্রাণ সরবাহে বাধা দেওয়ায় ইসরায়েলি সংগঠন সাভ-৯ এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা 
  • গাজায় মানবিক সহায়তাকে লক্ষ্য করে নাশকতা ও সহিংসতা সহ্য করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র
আপডেট : ১৫ জুন ২০২৪, ০২:২১ পিএম

গাজায় অনাহারে থাকা মানুষদের জন্য পাঠানো প্রাণরক্ষাকারী মানবিক ত্রাণ সরবরাহে বারবার বাধা দেওয়ার জেরে ইসরায়েলের একটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই সংগঠনটির নাম সাভ-৯। এই সংগঠনের সদস্যরা কয়েকবার জর্ডান থেকে গাজাগামী সড়কগুলো রুদ্ধ করে যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ওই উপত্যকায় ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ করার চেষ্টা করেছে। এমনকি ত্রাণ বহনকারী ট্রাকে হামলা ও আগুন লাগানোর মত অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, "গাজার মানবিক সংকটকে আরও খারাপ হওয়া থেকে রোধ করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমাতে ভূখণ্ডটিতে মানবিক সহায়তা অতি জরুরি।‘

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েল এবং পশ্চিম তীরের সীমান্ত দিয়ে গাজায় সরবরাহকৃত মানবিক ত্রাণবাহী গাড়িগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সম্পুর্ণ ইসরায়েল সরকারের। এই অত্যাবশ্যক মানবিক সহায়তাকে লক্ষ্য করে নাশকতা ও সহিংসতা সহ্য করবে না যুক্তরাষ্ট্র।‘

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “দুর্ভিক্ষের ঝুঁকি এবং গাজার মানবিক সঙ্কট এড়াতে মানবিক সহযোগিতা পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মিলার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ওই সব গোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনবে যারা গাজায় মানবিক সাহায্য সরবরাহে বাধা দেবে এবং ইসরায়েলি সরকারকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

গাজায় গত আট মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরাইলির সামরিক আগ্রাসন। এ ব্যাপক যুদ্ধের মধ্যে উপত্যকাটিতে খাবার-পানি এবং চিকিৎসা সামগ্রীর ভয়াবহ সংকটে রয়েছে বহু মানুষ। এর মধ্যেই  ইসরায়েলের এই সংগঠন গত ১৩ মে পশ্চিম তীরের হেবরনের কাছে ত্রাণ লুট করার পর দু’টি ত্রাণবাহী গাড়ি জ্বালিয়ে দেয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর রিজার্ভ সেনা এবং পশ্চিম তীরের হুইদি বসতিস্থাপনকারীদের সঙ্গে এ সংগঠনের সম্পৃক্ততা আছে, যারা ত্রাণের চালানে বাধা দেওয়া, ক্ষতিগ্রস্ত করা এবং হয়রানি করার মতো কর্মকাণ্ডে জড়িত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত