কতজনে কোরবানি দেওয়া যায়?

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৯:২৫ পিএম

গরু, মহিষ ও উটে সর্বোচ্চ ৭ জন শরিক হয়ে কোরবানি দেওয়া যায়। অংশীদাররা সম্পূর্ণ পশু অংশ অনুযায়ী সঠিকভাবে ওজন করে করে ভাগ করে নেবেন। কোনোভাবেই কমবেশি করা যাবে না। নেসাব পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তি পশু ক্রয় করার পর অন্যকে শরিক করতে পারবেন। কোরবানি ওয়াজিব নয়, এমন ব্যক্তি পশু ক্রয়কালে বা পূর্বে অন্যকে শরিক করতে পারবেন বা শরিক করার ইচ্ছা নিয়ে পশু ক্রয় করে থাকলে পরবর্তী সময় শরিক করতে পারবেন। অন্যথায় পারবেন না। কোরবানির পশু জবাই করার পর সেটিতে শরিক করা বা শরিক হওয়ার কোনো সুযোগ নেই। যারা শরিক হয়ে কোরবানি করবেন তাদের প্রত্যেকের টাকা বা অংশীদারত্ব শতভাগ হালাল ভিত্তিতে হতে হবে। একজনের অংশীদারত্ব (মূল্য) হারাম হলে কারও কোরবানি শুদ্ধ হবে না। অনুরূপভাবে সবার নিয়ত বিশুদ্ধ তথা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। একজনের নিয়তে ভিন্নতা (লোকদেখানো, অহংকার, সামাজিকতা ইত্যাদি) থাকলে সবার কোরবানি বিনষ্ট হয়ে যাবে। সমাজে একটি মারাত্মক ভুল কথা প্রচলিত রয়েছে যে, ৭ নামে কোরবানি। যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নামগুলো পড়া হয় এবং এ কথাটি বলা হয়। মূলত কথাটি দ্বারা উদ্দেশ্য, ৭ জনের পক্ষ থেকে কোরবানি। কিন্তু কথাটি শুনতে মনে হয় ৭ নামে। যা অনাকাক্সিক্ষত এবং শ্রুতিকটু। তাই এ ভুল থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। বলতে হবে অমুক অমুক এর পক্ষ থেকে বা ৭ জনের পক্ষ থেকে একমাত্র আল্লাহর নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত