ফিলিস্তিনিদের কোরবানি দিতে দিচ্ছে না ইসরায়েল। গাজার সব কয়টি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে কোরবানির পশু প্রবেশে বাধা সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী। গাজার মিডিয়া অফিস শনিবার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে।
গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, দখলদার বাহিনী একটি নতুন অপরাধ করেছে। রাফা সীমান্ত ক্রসিং দখল ও গাজার সব ক্রসিং বন্ধ করে কোরবানির পশু প্রবেশে বাধা দিচ্ছে। এই নিষেধাজ্ঞাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞা বলে অভিহিত করেছে গাজার মিডিয়া অফিস।
গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরো ৮৫ হাজারের বেশি মানুষ। টানা আট মাস ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজার লাখ লাখ মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতিতে ভুগছে।
ইসরায়েলের হামলায় মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছে বহু গবাদি পশু। অনাহারেও মারা গেছে অনেক। এর ফলে এ বছর সেখানে কোরবানির পশুর দাম বেড়েছে কয়েকগুণ। এ অবস্থায় বাইরে থেকে পশু প্রবেশে বাধা দেওয়া গাজাবাসীর জন্য নতুন সংকট হয়ে দাঁড়িয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
