রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ হযরত শাহ মখদুম রূপোস (রহ.) ঈদগাহ মাঠ

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৮:৩২ এএম

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলার কেন্দ্রীয় ঈদগাহ হযরত শাহ মখদুম রূপোস (রহঃ) ঈদগাহ মাঠে। ভারত বিভক্তের পর থেকেই এখানে ঈদের নামাজ আদায় হয়। দিন যত যাচ্ছে এই ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। সেইসাথে বাড়ছে ঈদগাহের পরিধি। 

ঠিক কত বছর আগেকার ঈদগাহ এটি, এর সঠিক তথ্য নেই। তবে, ভারত বিভাগের পর থেকেই এখানে ঈদের নামাজ আদায় হয়ে আসছে একথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। ভারত বিভাগের পর পরই হযরত শাহ মখদুম (রহঃ) এর এস্টেটের জায়গায় প্রতিষ্ঠিত এই ঈদগাহ রাজশাহীর মানুষের কাছে পবিত্র এক ভূমি। বছরের পর বছর ধরে এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। আনন্দের ঈদ উদযাপনের দিনে ভোর হলেই মুসল্লিরা ছুটে আসেন এই ঈদ জামাতে। 

স্থানীয় মুসল্লিরা বলছেন, এক সময় এখানে ছোট পরিসরে ঈদের নামাজ হত, দিন যত যাচ্ছে বাড়ছে মুসল্লির সংখ্যা। সেই সাথে বাড়ছে মাঠের আয়তনও। এই ঈদগাহ মাঠে এখন একসাথে প্রায় ৫০ হাজার মানুষ নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারী কর্মকর্তা, সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে সাধারণ মানুষ একসাথে এখানে ঈদের নামাজ আদায় করেন।  

রাজশাহী মহানগরীর কোলঘেঁষে বয়ে গেছে পদ্ম নদী। পদ্মাপারের মনোরম পরিবেশে পাঠানপাড়া এলাকায় তৈরি হয়েছে হযরত শাহ্ মখমুদ রুপোষ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। 

হযরত শাহ্ মখমুদ দরগা এস্টেট কার্যালয় সূত্রে জানা গেছে, ভারত বিভাগের পর পরই রাজশাহীর তৎকালীন ম্যাজিস্ট্রেট বাহাদুর আবদুল মজিদ সিএসপি, সাব ডেপুটি কালেক্টর আবদুল করিম চৌধুরী ও রাজশাহী জেলা পরিষদের প্রকৌশলী হাবিবুর রহমানের উদ্যোগে এই ঈদগাহ ময়দান প্রতিষ্ঠিত হয়। ওই সময় এটি ছোট পরিসরে ছিল। এখন সেই পরিধি বাড়ছেই। প্রতি বছরই মুসল্লি সংখ্যা বাড়ায় ঈদগাহ মাঠ বাড়ানো হচ্ছে। সবশেষ গত বছর রাজশাহী সিটি কর্পোরেশন কেন্দ্রীয় উদ্যানে মাটি ভরাট করে এর পরিধি বৃদ্ধি করেছে। ঈদগাহতে সুদৃশ্য প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছে। 

প্রতিবছরই ঈদকে ঘিরে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে। মাঠ প্রস্তুতির কাজ করে রাজশাহী সিটি করপোরেশন। সুষ্ঠুভাবে ঈদ জামাত শেষ করতে এবং মুসল্লিদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। 
এবারের ঈদের প্রধান জামাত এই ঈদগাহে

রাজশাহীতে এবারো ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়। হযরত শাহ মখদুম (রহঃ) দরগা স্টেটের তত্বাবধায়ক মো. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ঈদ জামাত সম্পর্কে মোস্তাফিজুর রহমান বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী এবং তাকে সহযোগিতা করবেন রাজশাহী শাহ মখুদম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত