ঈদের নামাজ শেষে ঘুরতে বেরিয়ে লাশ হলেন চাচা-ভাতিজা 

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৭:১৫ পিএম

ঈদের নামাজ শেষে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে লাশ ফিরলেন চাচা-ভাতিজা। ঘোরাঘুরি শেষে বাড়িতে এসে কুরবানির গোশত খাবেন তারা। কিন্তু তা আর হলো না। পথিমধ্যে সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তাদের প্রাণ।

আজ সোমবার (১৭ জুন) বেলা ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামের আমিনুল ইসলামের ছেলে রনি মিয়া (১৭) ও আবুল হাসেমের ছেলে আশিক (১৬)।  নিহতরা সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের নামাজ পড়ে বাড়িতে আসে রনি। পরে ঈদের আনন্দ উপভোগ করতে তার চাচা শাহিন মিয়ার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বের হওয়ার পর ঈশ্বরগঞ্জ থেকে নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী গৌরিপুর উপজেলার তেলিহাটির দিকে যাচ্ছিলেন চাচা-ভাতিজা। এমন সময় ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাইভাকুরী গ্রামের তালুকদার রাইস মিল সংলগ্ন আসতেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলের দেয়ালে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা চাচা-ভাতিজা আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রনিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশিককে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান।  নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত