জাবিতে লেক ভরাট করে ভবন তোলার প্রতিবাদ করায় অধ্যাপককে হত্যার হুমকি

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৯:৪৪ এএম

সরকারিভাবে পাখিদের বিচরণক্ষেত্র ঘোষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক ভরাট করে ভবন তোলার প্রতিবাদকারী বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক জহির রায়হানকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর নিজ জেলার সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই অধ্যাপক।

সোমবার (১৭ জুন) সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এই জিডির আবেদন করা হয়।

সাধারণ ডায়েরি (জিডি) আবেদনে অধ্যাপক জহির রায়হান জানান, ঈদের ছুটিতে পরিবারসহ গ্রামের বাড়িতে থাকাকালে গত ১৬ জুন রাত ১১টা ৪১ মিনিটে (ঈদের আগের রাত) 017105***08 নম্বর থেকে মোবাইল ফোনে কল করে পরিচয় না দিয়ে "তোকে ২ দিনের মধ্যে শেষ করে দেব" বলে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া, বড় ধরণের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন জহির রায়হান।

অধ্যাপক জহির রায়হানকে হত্যার হুমকি দেওয়া মোবাইল নম্বরটি যাচাই করে দেখা যায়, এই নম্বরটি ব্যবহার করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের  মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর হোসেন মিরাস।

উল্লেখ্য, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখিদের অভয়ারণ্য খ্যাত লেক ভরাট করে ভবন তৈরির কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উন্নয়নকে অপরিকল্পিত উন্নয়ন দাবি করে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান তৈরি করে তার আলোকে উন্নয়ন করা এবং বিশ্ববিদ্যালয়টির প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলন করছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক জহির রায়হান (রায়হান রাইন)। গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সুযোগে তাড়াহুড়ো করে গাছ কেটে এবং লেক ভরাট করে ভবন তৈরির কাজ শুরু করেছিল ঠিকাদাররা। তবে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতিবাদের মুখে এই কাজ বন্ধ হয়ে যায়। এ কারণেই তাকে হত্যার হুমকি দেওয়া হতে পারে বলে ধারনা করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত