প্রেম নিয়ে সংঘর্ষ, মাথা ফাটল আওয়ামী লীগ নেতার

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৫:০১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে দুই কিশোর-কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ নেতাসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মহিউদ্দিন ভান্ডারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শিকলবাহা মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকার মো. ইলিয়াছের মেয়ের সঙ্গে একই এলাকার মো. হারুনের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন-চার মাস আগে তারা দুজন পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে দুই পক্ষে সমঝোতা হয়। তখন থেকে ওই কিশোরী তার নানার বাড়িতে রয়েছে। মঙ্গলবার সকালে কিশোরীর বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কিশোরকে দেখতে পেয়ে মেয়ে পক্ষের লোকজন তর্কে জড়ায়। এক পর্যায়ে তাকে মারধর করে। বিষয়টি শুনে ছেলেটির নানা মহিউদ্দিন ভান্ডারী রাতে মেয়ের বাড়িতে যান। সেখানে ছেলেটিকে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে উত্তেজিত হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের ছোঁড়া ইটের আঘাতে তার মাথা ফেটে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, সংঘর্ষে গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত